১৪ জানুয়ারি নতুন ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং

৪ জানুয়ারি, ২০২১ ১৬:০০  
সাধারণত ফেব্রুয়ারিতে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ট্রেড শো'র কাছাকাছি সময়ে গ্যালাক্সি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করে স্যামসাং। তবে এবার গতানুগতিক সময়ের কিছুটা আগেই, ১৪ জানুয়ারি নতুন স্মার্টফোন উন্মোচনের আয়োজন শেষ করেছে তারা। নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১০ টায় স্যামসাং ওয়েবসাইটে অনুষ্ঠিত হবে উন্মোচন অনুষ্ঠান। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুমাননির্ভর অসমর্থিত সূত্রগুলো জানিয়েছে, নতুন গ্যালাক্সি এস২১, এস২১ প্লাস এবং এস২১ আল্ট্রা স্মার্টফোন উন্মোচন করবে স্যামসাং। তবে অনুষ্ঠানের উন্মোচন বিষয়ে দাওয়াত পত্রে কোনো তথ্য দেয়নি ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। অবশ্য ডিসেম্বরে এক ব্লগ পোস্টে স্যামসাং প্রেসিডেন্ট এবং মোবাইল যোগাযোগ ব্যবসায় বিভাগের প্রধান টিএম রো জানিয়েছিলেন, ফোল্ডএবল স্মার্টফোনের পোর্টফোলিও আরও বাড়াবে স্যামসাং, যাতে ২০২১ সালে এই ডিভাইসগুলো "সবার জন্য আরও সহজলভ্য হয়৷"